Image description

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নাহিদ ইসলাম বলেন, দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান রাতের আঁধারে ভাঙচুরের শিকার হওয়াকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও তাদের নীরব ভূমিকা গভীর উদ্বেগের। রাজধানীতে একটি হাসপাতাল ভাঙচুর ও দখলের মতো ঘটনা ঘটায় দেশে সরকারের কার্যকারিতা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।

বিবৃতিতে স্থানীয়দের অভিযোগের বরাত দিয়ে বলা হয়, ভাঙচুর ও দখলদারির পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসএস